PathokBarta Logo
Feature Image

স্বপদে ফিরলেন যুবদল নেতা খান মাহমুদ আলম: বহিষ্কার আদেশ প্রত্যাহার

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এর ফলে তিনি পুনরায় তার দায়িত্বে ফিরে গেলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কার প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর আহবায়ক খান মাহমুদ আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘ দেড় বছর পর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বৃহস্পতিবার লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার এলাকায় স্থানীয় যুবদল নেতাকর্মী ও সমর্থকরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই মিরান ও জিয়ারুল নিহত হন। ওই ঘটনায় খান মাহমুদ আলমকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। যার প্রেক্ষিতে যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছিল।

তারিখ: 12 Dec 2025 | সময়: 21:17