নড়াইল অফিস:
নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া গ্রামে একজন কৃষি উদ্যোক্তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি ও মানহানির অভিযোগ উঠেছে। সম্প্রতি সেখানে আয়োজিত এক মানববন্ধনকে কেন্দ্র করে এ অভিযোগের সূত্রপাত হয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি মোচড়া বিল এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কৃষি উদ্যোক্তা রফিক শেখের বিরুদ্ধে তিন ফসলি জমি দখল, মাটি ভরাট ও অবৈধ মাছের ঘের খননের অভিযোগ তোলা হয়।
গত ২৯ জানুয়ারী সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকায় রফিক শেখের কৃষি প্রকল্পের কারণে চাষাবাদে কোনো বাধা সৃষ্টি হয়নি। বরং স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ নয়ন নামের এক ব্যক্তি। তিনি সাংবাদিকদের বলেন, তাকে জোরপূর্বক ব্যানার ধরিয়ে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রফিক শেখের সম্মান ক্ষুন্ন করতেই পরিকল্পিতভাবে মানববন্ধনটি করা হয়েছে।
ভুক্তভোগী কৃষি উদ্যোক্তা রফিক শেখ বলেন, তিনি আইনগতভাবে জমি ক্রয় ও লিজ নিয়ে ‘প্রাইড এগ্রো কম্বাইন্ড ফার্ম’ প্রকল্প পরিচালনা করছেন। তিনি অভিযোগ করেন, তার প্রকল্পের পাশে থাকা ইটভাটার মালিক মান্নান জমির মাটি দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার শুরু হয়।
তিনি আরো অভিযোগ করেন, তার প্রকল্প এলাকার পাশের বাসিন্দা মইনুল হাসান রাজু তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় রাজু তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো শুরু করেছে। রাজু তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে। যা সম্পূন মিথ্যা ও ভিত্তিহীন।
ইটভাটা মালিক মান্নান দাবি করেন, রফিক শেখের প্রকল্পে তিন ফসলি জমির ক্ষতি হচ্ছে। তার কাছে কখনো মাটি চাওয়া হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত মইনুল হাসান রাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।
ভুক্তভোগী কৃষি উদ্যোক্তা রফিক শেখ বলেন, আমি নতুন প্রযুক্তি ব্যবহার করে এলাকায় কৃষি কাজ শুরু করেছি। এখানে এলাকার সাধারন মানুষের কর্মসংস্থান হচ্ছে। সবাই আমাকে উৎসাহিত করছে। ঠিক সেই সময়ে কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। আমি এই অপচেষ্টার শাস্তি দাবি করছি।