PathokBarta Logo
Feature Image

নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির এই প্রথম ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা

নড়াইল অফিসঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। স্বাধীনতার পর এই প্রথম ব্যালটে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। ইতিপূর্বে একাধিকবার কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রভাবে। নির্বাচন না হওয়ায় ভোটাররা তাদের ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এমনটি ভোটারদের কোন কদরও হয়নি। এবার বিএনপি ও জামায়াতে ইসলামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করায় প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সেই সাথে ভোটারদের কদর বেড়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সদর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতের দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন। সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, ৫টি সদস্যপদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি প্যানেলের বাইরে একজন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থতি প্যানেলে সহ-সভাপতি পদে মোঃ জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সদস্য পদে মধুমিতা সুলতানা, আরমান আলী খান, খন্দকার কিয়ামুল হাসান কিয়াম, তানজির হোসেন ও আহসান হাবীব মোল্যা।

জামায়াতে ইসলামী মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে মোঃ জাকির হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসাইন, সদস্য পদে সানাউল্লাহ, মোঃ রুহোল আমিন, আহসান হাবীব, মোঃ ইসহাক মিয়া ও শরিফুল ইসলাম বেগ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া প্রানেলের বাইরে এস.এম আমিনুল হাসান মিঠু নামে আরো একজন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে গিয়েছেন। নির্বাচিত হলে মানবিক কাজের পাশাপাশি সরকারী বরাদ্দ সঠিকভাবে বন্টনের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। ভোটারদের ভোটে নির্বাচিত হলে মানবতার সেবায় কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা।

এদিকে স্বাধীনতার পর এই প্রথম ব্যালটে ভোট হওয়ায় ভোটারদের কদর বেড়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন বলে মনে করছেন। ভোটাররা প্রত্যাশা করছেন তাদের ভোটে নির্বাচিত সদস্যরা সরকারীভাবে প্রাপ্ত বরাদ্দের ন্যায্য বন্টন করবেন।

নির্বাচন কমিশনার মোঃ মনিরুজ্জামান মল্লিক বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোট ১ হাজার ১শ ৩৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশা করা যাচ্ছে। ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আশা করি ভোটারদের ভোটে নির্বাচিত সদস্যবৃন্দ দায়িত্বতার সাথে আগামীদিনে দায়িত্ব পালন করবেন।

তারিখ: 25 Apr 2026 | সময়: 11:39