PathokBarta Logo
Feature Image

আম বয়ানে মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমা

সংবাদ টাইমস ডেস্ক॥লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত।

তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান জানান, শুক্রবার সকালে ফজরের নামাজের পর আম বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা নুরুর রহমান।

তিনি আরো জানান, শুক্রবার পৌনে ১০ টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল সাহেব।

এ ছাড়াও বিশেষ কিছু অনুষ্ঠান হবে। যেমন, সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করবেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন- প্রফেসর আব্দুল মান্নান সাহেব, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন- ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।

এছাড়া দেশের বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। এতে অংশ নিবেন কয়েক লাখ মুসল্লি। জুমার নামাজে ইমামতি করবেন, বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।

এরপর বয়ান করবেন জর্ডানের মাওলানা শেখ উমর খাতিব সাহেব। বাদ আসর বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেবের বয়ান করার কথা রয়েছে। এছাড়াও বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব।

তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তারিখ: 31 Jan 2025 | সময়: 12:03