ব্রেকিং নিউজ :

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১


প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন | ২৯৯
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি :

নড়াইলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাদের মোল্যা (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (৩ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাদের মোল্যা লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের তবিবর মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মো. টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে দিঘলিয়া গ্রাম থেকে কাদের মোল্যাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাদের মোটরসাইকেল চুরির বিষয়ে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানা এলাকা থেকে একটি ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কাদের মোল্যার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।