
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে ফারজানা (৪) নামে এক শিশু স্রোতের টানে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা আলী মোল্লার মেয়ে ফারজানা আরও দুজন শিশুর সঙ্গে পাশের নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে ফারজানা তলিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির পাঠক প্রবাহকে বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সহায়তায় তল্লাশি চালিয়ে শুক্রবার সকালে আইজপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :