ব্রেকিং নিউজ :

নড়াইলে পুনরায় জ্বালানী তেল বিক্রি শুরু


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন | ১০৯৯
নড়াইলে পুনরায় জ্বালানী তেল বিক্রি শুরু

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় জ্বালানি তেল দিতে না পারায় ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় বন্ধ থাকা বিভিন্ন ফিলিং স্টেশনের পুনরায় জ্বালানী তেল বিক্রি শুরু হয়েছে।

রোববার বিকাল থেকে জেলার সদর উপজেলার মেসার্স আলম ফিলিং ষ্টেশনসহ বিভিন্ন ফিলিং ষ্টেশনে জ্বালানী তেল বিক্রি হচ্ছে।

এ দিকে  হত্যার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলীকে আটক করেছে র‌্যাব। রোববার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া মাহমুদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এদিকে হত্যাকান্ডের পর বন্ধ হওয়া বিভিন্ন ফিলিং স্টেশনে পুনরায় তেল বিক্রির বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, এ হত্যার ঘটনায় মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনের মালিক রবিউল ইসলাম বাদী হয়ে ট্রাকচালক সুজাত আলীকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার নড়াইল-যশোর মহাসড়কের পাশে তুলরামপুরে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত আলী। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেননি পাম্প ম্যানেজার নাহিদ সরদার।  তেল না পেয়ে ট্রাকচালকের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ট্রাকচালক ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে পাম্পের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ২০০ গজ দূরে রেল ব্রিজ এলাকায় গেলে পেছন দিক থেকে নাহিদ ও জিহাদুলকে ট্রাকচাপা দিয়ে পালিয়ে যান সুজাত।

এতে ঘটনাস্থলে নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ট্রাক চাপায় নিহত নাহিদ সরদার সদর থানার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।