ব্রেকিং নিউজ :

ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গার জনজীবন অতিষ্ঠ


প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন | ৩৭৯
ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গার জনজীবন অতিষ্ঠ

পাঠক প্রবাহ ডেস্ক

৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে চুয়াডাঙ্গায় তাপমাত্রা । একই সময়ে বেড়েছে বাতাসে আর্দ্রতার পরিমাণও। এতে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।

সোমবার (১ জুন) বেলা ৩টায় জেলা আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, সোমবার বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ। তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হচ্ছে।

জানা গেছে, তীব্র গরমের কারণে দুপুরের দিকে শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। প্রখর রোদের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক ও দিনমজুররা। গরম থেকে বাঁচতে অনেককে ছায়াযুক্ত স্থানে আশ্রয় নিতে এবং তৃষ্ণা মেটাতে পানি ও শরবত পান করতে দেখা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকার তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে। তবে ভ্যাপসা গরমের এই অস্বস্তিকর পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।