ব্রেকিং নিউজ :

নড়াইলে ফুটবল টুর্নামেন্টের আড়ালে অনুমতিবিহীন র‌্যাফেল ড্র


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ২:০৪ অপরাহ্ন | ৯৭৯
নড়াইলে ফুটবল টুর্নামেন্টের আড়ালে অনুমতিবিহীন র‌্যাফেল ড্র

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে প্রশাসনের অনুমতি ছাড়াই ফুটবল টুর্নামেন্টের আড়ালে র‌্যাফেল ড্র আয়োজনের অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে সদর উপজেলার শেখহাটি বাজার সংলগ্ন শেখহাটি তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রকাশ্যে এ আয়োজন করা হয়।

স্থানীয় যুবসমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বঘোষিত সমাজসেবক জিকো মাহমুদ।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালীন প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে গেলে দর্শনার্থীদের র‌্যাফেল ড্র-এর টিকিট কিনতে চাপ প্রয়োগ করা হচ্ছে। এতে অনেকেই অস্বস্তিতে পড়েন। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা, যেখানে বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, এর আগেও একইভাবে খেলার নামে একাধিকবার র‌্যাফেল ড্র আয়োজন করা হয়েছে। টিকিট বিক্রির মোট অর্থ ও পুরস্কার বিতরণের পরিমাণ নিয়ে কোনো স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে সচেতন মহল ও সমাজকর্মীরা সমালোচনা করেছেন। সমাজকর্মী কাজী হাফিজুর রহমান বলেন, পুরস্কারের আশায় অর্থ ব্যয় করে অনিশ্চিত লাভের প্রত্যাশা করা হলে তা জুয়ার শামিল। গ্রামীণ এলাকায় এ ধরনের আয়োজন সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।

অভিযোগ অস্বীকার করে আয়োজক জিকো মাহমুদ বলেন,
আমরা আগে থেকেই এসপি অফিস, ডিসি অফিস ও থানাকে জানিয়েছি। স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জও বিষয়টি জানেন।

সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখহাটি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন,
র‌্যাফেল ড্রটি আনন্দ-বিনোদনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা সম্পর্কে আমার সুনির্দিষ্ট ধারণা নেই।

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, ওখানে পুলিশ সদস্য উপস্থিত ছিল মূলত আইনশৃঙ্খলা রক্ষার জন্য। আয়োজকরা জেলা প্রশাসনের অনুমতি নেয়নি এ তথ্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে জানানো হয়নি বলে ধারণা করছি।

জেলা প্রশাসক মো. আবদুল ছালাম বলেন, র‌্যাফেল ড্র আয়োজনের জন্য জেলা প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক। আমাদের কাছ থেকে তারা কোনো অনুমতি নেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।