ব্রেকিং নিউজ :

নড়াইলে আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ


প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ২:০৬ অপরাহ্ন | ১৬৪৯
নড়াইলে আউশ ধানের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

নড়াইল প্রতিনিধি:

খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদর উপজেলায় কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে ৩ হাজার ৯০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রতিজন কৃষক পেয়েছেন ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।
এ সময় প্রধান অতিথি বলেন, প্রকৃত কৃষক যেন প্রণোদনার উপকরণ পায়, তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি যেন না হয়। এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান।